শিরোপার দৌঁড়ে আরও এগিয়ে বার্সেলোনা | ছবি: সংগৃহীত
ইউরোপের ফুটবলে দারুণ এক রাত। তিন লিগে তিন গল্প। লা লিগায় শিরোপার দৌঁড়ে আরও এগিয়ে বার্সেলোনা, বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখ লিখল নয়া ইতিহাস, আর প্রিমিয়ার লিগে লিভারপুল বাঁচিয়ে রাখল স্বপ্ন!
লা লিগায় কাতালান ডার্বিতে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে স্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। ২৫ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। ফেরান তোরেসের জোড়া গোলে এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও শেষদিকে লামিন ইয়ামাল ও মার্কাস রাশফোর্ডের দুই গোল নিশ্চিত করে বড় জয়।
এই জয়ে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট বার্সালোনার। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালানরা।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। ৩৬ মিনিটে তরুণ রিও এন-গুমোহা গোল করে এগিয়ে দেন দলকে। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ।
৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন টেবিলের পাঁচে। শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে শক্ত অবস্থানে থাকল তারা।
আর বুন্দেসলিগায় ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ভেঙে দিয়েছে ১৯৭১-৭২ মৌসুমের ১০১ গোলের রেকর্ড। ম্যাচের তিপান্ন মিনিটে লিওন গো-রেৎস্কার পা থেকে আসে এ মৌসুমে দলের ১০২তম গোল—নতুন মাইলফলক!
গার্ড মুলারদের সেই ঐতিহাসিক দলকে ছাড়িয়ে নতুন উচ্চতায় এখন কেইন-মুসিয়ালাদের বায়ার্ন। ম্যাচের শেষ পর্যন্ত আরও ৩ গোল করেছে দলটা। সেন্ট পাউলি হেরেছে ৫-০ গোলে। ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটা এখন ৩৫তম লিগ শিরোপার আরও কাছে।