মুরগির মাংস | ছবি: সংগৃহীত
একসঙ্গে বেশি রান্না করে মুরগির মাংস ফ্রিজে রেখে পরে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে রান্না করা খাবার কতদিন নিরাপদ থাকে, এ বিষয়টি অনেকেই ঠিকভাবে জানেন না। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে সংরক্ষণ না করলে রান্না করা মুরগির মাংসে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ফ্রিজে কতদিন রাখা নিরাপদ
রান্না করা মুরগির মাংস সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় সাধারণত ৩ থেকে ৪ দিন পর্যন্ত নিরাপদ থাকে। এই সময়ের মধ্যে খাবার খেয়ে ফেলা ভালো। এর বেশি সময় ফ্রিজে রাখলে খাবারের স্বাদ ও গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিও বাড়ে।
ডিপ ফ্রিজে রাখলে সময় বাড়ে
যদি রান্না করা মুরগির মাংস ডিপ ফ্রিজে রাখা হয়, তাহলে সেটি প্রায় ২ থেকে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। তবে খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে সম্ভাব্য জীবাণু নষ্ট হয়ে যায়।
সংরক্ষণের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
রান্না করা মুরগির মাংস ফ্রিজে রাখার সময় কিছু নিয়ম মানা জরুরি। এক্ষেত্রে, খাবার সম্পূর্ণ ঠাণ্ডা হওয়ার পর ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন। রান্নার দুই ঘণ্টার বেশি সময় বাইরে রেখে দেবেন না।ফ্রিজের তাপমাত্রা সাধারণত ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা ভালো। বারবার একই খাবার গরম করে আবার ফ্রিজে রাখা ঠিক নয়।
নষ্ট হয়েছে কিনা বুঝবেন যেভাবে
ফ্রিজে রাখা মুরগির মাংস খাওয়ার আগে কয়েকটি লক্ষণ দেখে নেয়া জরুরি। যদি মাংস থেকে অস্বাভাবিক গন্ধ আসে, রঙ পরিবর্তন হয় বা পিচ্ছিল ভাব দেখা যায়, তাহলে সেটি আর খাওয়া উচিত নয়।
খাবার সংরক্ষণের সঠিক নিয়ম জানা থাকলে অপচয় যেমন কমে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও এড়ানো যায়। তাই রান্না করা মুরগির মাংস ফ্রিজে রাখলেও সময়সীমা মেনে খাওয়ার অভ্যাসই সবচেয়ে নিরাপদ।