শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইটভাটায় উচ্ছেদ অভিযান | ছবি: স্টার নিউজ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর এলাকায় অবস্থিত মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার আংশিক উচ্ছেদ ও ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুন মাসে প্রয়োজনীয় আইনগত অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় জেলা পরিবেশ অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। তবে নির্দেশনা উপেক্ষা করে প্রায় দুই বছর ধরে অবৈধভাবে ভাটাটি পরিচালনা করা হচ্ছিল।
এদিকে, ২০২৪ সালে অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবিতে উচ্চ আদালতে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্ছেদের নির্দেশনা আসে। সেই ধারাবাহিকতায় গত এক বছরে জেলায় মোট ৪টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। সর্বশেষ ব্যবস্থা নেওয়া হলো মোক্তারেরচরের এই ইটভাটাটির বিরুদ্ধে।
জেলা প্রশাসনের তথ্য মতে, শরীয়তপুরের ৬টি উপজেলায় বর্তমানে মোট ৩৫টি ইটভাটা রয়েছে, যার অধিকাংশই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩টি, জাজিরায় ৫টি, নড়িয়ায় ৬টি, গোসাইরহাটে ৬টি, ভেদরগঞ্জে ৩টি এবং ডামুড্যায় ২টি ইটভাটা রয়েছে। কিছু ইটভাটার আংশিক পরিবেশগত অনুমোদন থাকলেও অন্যান্য প্রয়োজনীয় লাইসেন্স ও নবায়নের ঘাটতি রয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান জানান, জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, “অবৈধভাবে পরিচালনার দায়ে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাটির কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযান চলাকালে জেলা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা সহযোগিতা করেন।