Home খেলাঅন্যান্যব্যাংককে দারুণ প্রত্যাবর্তন: ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

ব্যাংককে দারুণ প্রত্যাবর্তন: ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

by admin

এশিয়ান আর্চারি টুর্নামেন্ট | ছবি: সংগৃহীত

একদিন আগেও হতাশা ছিল, আর একদিন পরেই ইতিহাস। শুক্রবার (২৭ মার্চ) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি টুর্নামেন্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

এর আগের দিন ফুটবলে ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হেরে মন খারাপ ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তবে সেই ভিয়েতনামকেই আর্চারিতে হারিয়ে গৌরব ফিরিয়েছে দেশের তীরন্দাজরা।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে বাংলাদেশ ২৩১-২২৫ পয়েন্টে হারিয়েছে ভিয়েতনামকে। ছয় পয়েন্টের ব্যবধানে এই জয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দলের হয়ে খেলেছেন হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য—তিনজনই ফাইনালে ছিলেন আত্মবিশ্বাসী ও নিখুঁত। তাদের ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে সোনালি সাফল্য।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। একক বা মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি দল। তবে দলগত ইভেন্টে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেরার মুকুট ছিনিয়ে নেয়।

উল্লেখ্য, গত আসরে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ রিকার্ভ পুরুষ এককে স্বর্ণ জিতে দেশকে গর্বিত করেছিলেন। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলো কম্পাউন্ড দল।

বাংলাদেশের এই জয় শুধু একটি পদক নয়, বরং কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ।

Leave a Comment