Home অন্যান্যধর্মভিজিট বা টুরিস্ট ভিসায় হজ নয়

ভিজিট বা টুরিস্ট ভিসায় হজ নয়

by admin

পবিত্র হজ | সংগৃহীত

পবিত্র হজ পালনের ক্ষেত্রে শুধুমাত্র ‘হজ ভিসা’কেই বৈধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, হজের জন্য অন্য কোনো ধরনের ভিসা গ্রহণযোগ্য হবে না।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের একমাত্র অনুমোদিত মাধ্যম হলো সরকারি হজ ভিসা। ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এমন ভিসাধারীদের হজের অনুমতিও দেওয়া হবে না।

‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। তারা এই অ্যাপ ব্যবহার করে বুকিং সম্পন্ন করে হজের পারমিট সংগ্রহ করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের সব ধরনের বুকিং ও রিজার্ভেশন অবশ্যই অনুমোদিত চ্যানেলের মাধ্যমে করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া মাধ্যমে বুকিং করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে-এ বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

প্রতি বছর হজ মৌসুমে অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধভাবে হজে পাঠানোর চেষ্টা করে। এ ধরনের প্রতারণা ঠেকাতেই আগাম এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Comment