Home বিশ্বইরান ইস্যুতে পোপের তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

ইরান ইস্যুতে পোপের তীব্র সমালোচনা করলেন ট্রাম্প

by admin

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও চতুর্দশ | সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের বর্তমান প্রধান পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে।

রোববার (১২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প পোপকে ‘অপরাধের ব্যাপারে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে ব্যর্থ’ বলে মন্তব্য করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন পোপ তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না।

তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো পোপ চাই না, যিনি মনে করেন শহরে অপরাধ ঠিক আছে বা পারমাণবিক অস্ত্র থাকা গ্রহণযোগ্য।’

এর আগে গত সপ্তাহে পোপ লিও ট্রাম্পের ইরান সম্পর্কিত বক্তব্যের সমালোচনা করেন। ট্রাম্প প্রকাশ্যে ইরানের সভ্যতা “ধ্বংস করে দেওয়ার” হুমকি দিলে পোপ বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বিশ্ব নেতাদের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করেন।

এছাড়া, পোপ ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিরও সমালোচনা করেছেন এবং তার ইস্টার বার্তায় বিশ্বে সহিংসতার প্রতি মানুষের উদাসীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘লিওর কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সবাই জানে তিনি ছিলেন একেবারেই অপ্রত্যাশিত পছন্দ। পোপ হওয়ার জন্য কোনো তালিকাতেই তিনি ছিলেন না। তাকে কেবল আমেরিকান হওয়ার কারণে চার্চ নির্বাচিত করেছে, কারণ তারা ভেবেছিল এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামাল দেওয়ার সেরা উপায় হবে। আমি যদি হোয়াইট হাউসে না থাকতাম, তাহলে লিও ভ্যাটিকানে পোপও হতেন না।’

এই মন্তব্য-পাল্টা মন্তব্যের মাধ্যমে দুই প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Comment