ছবি: সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুইজন হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বুধবার (স্থানীয় সময়) স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কনস্যুলেট ভবনের সামনে টানা প্রায় ১০ মিনিট গুলির শব্দ শোনা যায়। এ সময় পুলিশ সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে পাল্টা অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।
আরও কিছু ফুটেজে দেখা গেছে, এক হামলাকারী পার্ক করা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বাসের মধ্যে অবস্থান নিয়ে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে কয়েক মিনিট ধরে গুলি চালাচ্ছে। ঘটনাস্থলের আশপাশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। ইসরায়েলি কনস্যুলেটটি ওই এলাকার একটি উঁচু ভবনের সপ্তম তলায় অবস্থিত।
২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
এদিকে, একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তুরস্কে কোনো ইসরায়েলি কূটনীতিক অবস্থান করছেন না।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি জানিয়েছেন, হামলায় জড়িত তিনজনই এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যা ধর্মকে অপব্যবহার করে। নিহতদের মধ্যে দুজন সহোদর ছিল বলেও তিনি উল্লেখ করেন।